ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল যদি মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা দখল করে নিজেদের সীমানা আরও বিস্তৃত করে, তবে তাতে তার কোনো আপত্তি নেই।

শুক্রবার কনজারভেটিভ ধারাভাষ্যকার টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকার চলাকালীন টাকার কার্লসন হাকাবিকে বাইবেলের একটি উদ্ধৃতি স্মরণ করিয়ে দেন, যেখানে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত ভূমি আব্রাহামের বংশধরদের জন্য প্রতিশ্রুত বলে উল্লেখ করা হয়েছে। এই বিশাল ভৌগোলিক সীমানার মধ্যে বর্তমান লেবানন, সিরিয়া, জর্ডান এবং সউদী আরবের একাংশ অন্তর্ভুক্ত।

এ প্রসঙ্গে হাকাবি বলেন, ‘তারা (ইসরাইল) যদি এই পুরো এলাকা দখল করে নেয়, তবে সেটি ঠিকই হবে।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিযুক্ত এই রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ওই ভূমির ওপর ইহুদি জনগণের অধিকার রয়েছে এবং ইসরাইলের সীমানা আধুনিক কোনো চুক্তির চেয়ে বাইবেলের বর্ণনার ওপর বেশি নির্ভরশীল।

রাষ্ট্রদূতের এমন খোলামেলা সম্প্রসারণবাদী মন্তব্যে খোদ টাকার কার্লসনও কিছুটা অবাক হন। তিনি পুনরায় প্রশ্ন করেন, হাকাবি সত্যিই ইসরাইলের এই বিশাল আঞ্চলিক বিস্তার সমর্থন করেন কি না। উত্তরে হাকাবি কিছুটা কৌশলী হয়ে বলেন, ‘তারা (ইসরাইল) এটি দখল করতে চাচ্ছে না বা এমন কোনো দাবিও করছে না।’

পরবর্তীতে নিজের বক্তব্য কিছুটা নমনীয় করে হাকাবি বলেন, তার আগের মন্তব্যটি ছিল অনেকটা ‘অতিরঞ্জিত’। তবে যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখলের সম্ভাবনা তিনি নাকচ করে দেননি। তিনি বলেন, ‘যদি বিভিন্ন জায়গা থেকে ইসরাইল আক্রান্ত হয় এবং যুদ্ধে জয়লাভ করে সেই জমি দখল করে নেয়, তবে সেটা সম্পূর্ণ আলাদা আলোচনার বিষয় হতে পারে।’

কট্টর ইসরাইল-পন্থি হিসেবে পরিচিত মাইক হাকাবি একজন ‘খ্রিস্টান জায়নিস্ট’। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বরাবরই আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলোর (আইসিসি ও আইসিজে) কঠোর সমালোচনা করে এসেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক আদালত (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছিল। কিন্তু হাকাবির এই সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর হাকাবির এই ব্যক্তিগত মতাদর্শের সঙ্গে একমত কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে হাকাবির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করবে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews