সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথমদিকে হতদরিদ্র, তারপর দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।
শনিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপকিত্বে আরও উপস্থিত ছিলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু, এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি আকতারুজ্জামান মিয়া, এমপি এজেডএম রেজওয়ানুল হক। এছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার, বাবা ইস্কান্দার মজুমদার এবং বড় বোন প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন।
এসময় তিনি বলেন, এই জেলার উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়া পরিবারের অনেক অবদান রয়েছে। এই জেলার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের টান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম