কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েলদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাডভোকেট মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহত আইনজীবীদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবী কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকেলে তাঁরা মিঠামইন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

পথে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েলদার সড়কের ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাঁদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা কয়েকজন আইনজীবী গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি মারা যান।

অন্যদিকে গুরুতর আহত অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল ও অ্যাডভোকেট ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত অপর দুই আইনজীবীও চিকিৎসাধীন রয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত আইনজীবীর মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews