ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারা দেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনি লড়াই করে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয়ের বিষয় অনিশ্চয়তা দেখা দেয়। সেই উপলব্ধি থেকেই আমি সরে দাঁড়িয়ে মাওলানা সরোয়ার হোসেনকে (দাঁড়িপাল্লাকে) সমর্থন দিয়েছি। এখন ফরিদপুর-৪ আসনে আমাদের ১১ দলের জোটের প্রার্থীর বিজয় হবে ইনশাআল্লাহ।
মিজানুর রহমান মোল্লা বলেন, আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রায় ২ বছর ধরে তিনটি থানায় নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছিলাম। ফরিদপুর-৪ এর নির্বাচনি মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে- তাই জোটের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলাম।
এ বিষয় জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনি মাঠে ছিলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছেন। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব ইনশাআল্লাহ।