বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি। আমাদের পরিস্থিতির কারণে ক্ষমতায় যেতে হয়েছে। কিন্তু বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের জন্য চাপ দিয়ে তারা ক্ষমতায় এসেছে। আপনারা এখন দেশ চালান। কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেবো না।

আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা করছে এই প্রোপাগাণ্ডা টিকবে না। আমরা জানি এসব কারা করছে। আমরা ধৈর্য্য ধারণ করছি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমাদের প্রতিরোধ ৫ই আগষ্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আমরা আবার প্রতিরোধ গড়ে তুলবো। সারা দেশের জুলাইয়ের কারণে যদি কারো গায়ে হাত দেয়া হয় কিংবা কটুক্তি করা হয় এর পরিণতি ভালো হবেনা। সেটি যেই দল বা যেই মিডিয়া হোক না কেন আমরা এটা নজরে রাখছি।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নতুন বন্দোবস্ত ও নতুন বাংলাদেশের ১ দফা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছি। শুরুতেই আমরা বলেছি ১ দফা বাস্তবায়ন নতুন সংবিধানের মাধ্যমে হতে হবে। কারণ বাহাত্তরের সংবিধানে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছে। আমরা দেখেছি বিএনপি সরকার বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার নানা চেষ্টা করছে। এখন তারা সংশোধন কমিটি গঠন করেছে। সংস্কারের জায়গায়, তারা মধ্যপন্থায় এসেছিলো। সেই সংস্কারের জায়গাও বাদ দিয়েছে। সেই সংস্কারের জায়গা যদি তারা বাদ দিয়ে দেয় তাহলে আমরা নতুন সংবিধানের দাবিতে আবার আগাবো।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে, তবে এয়ারপোর্ট থেকেই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেয়া হবে-এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। বাংলাদেশের আপামর জনগণ, ১৪০০ শহিদ পরিবার, তিন লাখ আহত এবং লাখ-কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরব না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews