টেকসই গণতন্ত্রের জন্য ধৈর্য ও পরমতসহিষ্ণুতা জরুরি বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী। তাই অল্প সময়েই সরকারকে ব্যর্থ বলা, রাজপথে নেমে অস্থিরতা তৈরি করা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, যাঁরা বলছেন সরকারকে পাঁচ বছর পার করতে দেবেন না, তাঁরা ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে তাঁদের কথার কোনো পার্থক্য নেই।
ঐতিহাসিকভাবে যখনই বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে, দলটি দেশকে একটি ধ্বংসস্তূপের মধ্যে পেয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এটা যেন উত্তরাধিকারসূত্রে বিএনপি সব সময়ই পেয়ে আসছে। সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটেছে ১৫ বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন।
ধ্বংসস্তূপ থেকে উত্তরণে সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়। ধৈর্য ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান তিনি।