ইসরায়েলকে একটি ‘বিপজ্জনক ও মারাত্মক ক্যানসার টিউমার’ হিসেবে আখ্যায়িত করে ইহুদিবাদী এই রাষ্ট্রটিকে মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনী। পবিত্র হজ এবং ঈদুল আজহা উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই মন্তব্য করেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

হজ বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, "সময়ের কাঁটা কখনো পেছনের দিকে ঘোরে না।" মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, "এই অঞ্চলের দেশ এবং ভূখণ্ডগুলো এখন থেকে আর আমেরিকার সামরিক ঘাঁটির জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। আমেরিকা এই অঞ্চলে আর কোনো অপকর্ম বা নতুন কোনো সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিরাপদ আশ্রয় পাবে না।"

তিনি আরও দাবি করেন, দ্বিতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের (সেকেন্ড ইম্পোজড ওয়ার) মাধ্যমে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে তাদের বিধ্বংসী আঘাতের নিচে স্তব্ধ ও অসহায় করে দিয়েছে। একে আমেরিকার গালে একটি ‘কঠিন থাপ্পড়’ হিসেবেও অভিহিত করেন খামেনি।

তিনি উল্লেখ করেন, এবারের হজের মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর থেকে সম্পর্ক ছিন্ন বা তাদের প্রত্যাখ্যান করার বিষয়টি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই বছর ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানটি সমগ্র মুসলিম উম্মাহর প্রধান ও প্রচলিত স্লোগানে পরিণত হবে।

ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করে মোজতবা খামেনি বলেন, "আগামী দিনগুলো এবং ভবিষ্যৎ কেবল ইসলামি উম্মাহ এবং নতুন ইসলামি সভ্যতার।"



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews