আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই সমধিক পরিচিত। তবে গত নির্বাচনের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, এবার কোনো একটি রাজনৈতিক দলের পতাকাতলে থেকে নির্বাচনী লড়াইয়ে নামতে চান তিনি।
রবিবার (০৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যেই দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার এই পরিকল্পনা।
নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে হিরো আলম বলেন, এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়েছি। তবে এবার কোনো একটি দলের হয়ে সুসংগঠিতভাবে কাজ করতে চাই। একটি দলের শক্তি নিয়ে সাধারণ মানুষের কাছে নিজের লক্ষ্য ও পরিকল্পনা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব বলে আমি মনে করি।
ঢাকার কোন অংশ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে তিনি জানান, উত্তর না কি দক্ষিণ—কোন সিটি করপোরেশন থেকে প্রার্থী হবেন, তা নিয়ে বর্তমানে চুলচেরা বিশ্লেষণ চলছে। সময় ও পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে হিরো আলম বলেন, "আমি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছি। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের বিভিন্ন সংকটের কথা শুনছি। জনদুর্ভোগ লাঘবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে কাজ করছি। খুব দ্রুতই আমার নির্বাচনী এলাকা এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরব।"
কোন রাজনৈতিক দল থেকে তিনি মনোনয়ন পেতে পারেন—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো দলের নাম প্রকাশ করেননি। তবে তিনি জানান, বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা চলছে। শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী হিসেবে তিনি ভোটের মাঠে নামবেন, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এর আগে হিরো আলম বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচন এবং ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন।
এনআই