কথোপকথনের একপর্যায়ে আহাদ প্রশ্ন করেন কেন চাঁদা দিতে হবে, জবাবে বিরক্তি প্রকাশ করে নোমানুল হক বলেন, রোজা রেখে এত প্রশ্নের উত্তর দিতে পারবেন না তিনি। তখন আহাদ জানতে চান, রোজা রেখে চাঁদাবাজি করলে তাঁর রোজা কবুল হবে কি না।
একপর্যায়ে নোমান ফেনীর আঞ্চলিক ভাষায় বলেন, এসব ‘হোলাহাইনের (ছেলেদের) চা-নাশতার টেয়া।’ তিনি রাত ১০টার পর মাটির গাড়ি চালানোর পরামর্শ দেন।
অডিও ভাইরাল হওয়ার পর গতকাল রাতেই ছাত্রদল নেতা নোমানুল হককে বহিষ্কার করা হয়। এ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হককে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।’