যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইউএসএস আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নিমিটজ-শ্রেণির বিমানবাহী রণতরি। এতে সর্বাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান রয়েছে, যা শত্রুপক্ষের রাডার এড়িয়ে যেতে সক্ষম।

এই স্ট্রাইক গ্রুপে টমাহক স্থলভিত্তিক হামলা চালাতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত তিনটি ডেস্ট্রয়ার রয়েছে। সাধারণত এর সঙ্গে একই ধরনের অস্ত্র বহনে সক্ষম একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও থাকে।

বিবিসি যাচাইকৃত স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ওমান উপকূলের কাছে রণতরিটিকে অবস্থান করতে দেখা গেছে।

তবে ইরানের এ দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা

হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও। সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকরের উত্তর-পশ্চিমে অবস্থানরত একটি জাহাজ হামলার পর আগুনে পুড়ে যায়। ইউকেএমটিওর এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনা করছে। একই সঙ্গে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলেও জানানো হয়।

সংস্থাটি এটিকে আজ শিপিংয়ে তৃতীয় হামলার ঘটনা হিসেবে জানিয়েছে। এর আগে ওমানের রাজধানী মাসকাতের উত্তরে, হরমুজ প্রণালিতে এবং ওমানের কুমজারের উপকূলেও পৃথক হামলার ঘটনা ঘটে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে জানিয়েছেন, দেশটি একটি সাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছে এবং আজ একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে। এ সময় তিনি বলেন, আমাদের আত্মরক্ষায় কোনো বিধিনিষেধ বা সীমা নেই।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews