ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের রাজধানী তেল আবিবের মেয়র রন হুলদাই।

মঙ্গলবার তিনি জানান, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলে থাকা এএফপি সংবাদদাতার তথ্য বলছে, শহরের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় একটি পুরনো তিনতলা ভবন ধ্বংস হয়ে গেছে।

আর্মি রেডিওসহ বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যমের মতে, কোনো রকেট লঞ্চার থেকে ছোড়া তিন থেকে চারটি ওয়ারহেডের কারণে এ ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

তাদের ধারণা, ওয়ারহেডগুলোর প্রতিটিতে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।

ইসরাইলি জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলের একাংশের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আহত চারজনকে চিকিৎসা দিয়ে দ্রুত ছেড়ে দিয়েছে তারা।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে একাধিক রকেট হামলার খবর পাওয়া গেছে।

ওই এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

ইসরাইলি জরুরি সেবা সংস্থার টেলিগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে।

সেসব ছবিতে ভবনগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া, এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতেও দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার পর পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইসরাইলসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রতিপক্ষের জন্য বন্ধ করে দিয়েছে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews