ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের ইয়ালাত বন্দরে মোতায়েন করা হয়েছে একটি মার্কিন যুদ্ধ জাহাজ। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়নেট’ সেনাবাহিনীর বরাত দিয়ে নিশ্চিত করেছে।
মিশর ও জর্ডান সীমান্তের সন্নিকটে আকাবা উপসাগরে অবস্থিত এই বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের আগমনকে ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছে ইয়নেট। প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতারই একটি অংশ। তবে, এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে তাৎক্ষণিক মন্তব্য চাইলে তারা কোনো জবাব দেয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ প্রেরণ অব্যাহত রেখেছে। এই দ্বিমুখী কৌশলের মধ্যেই ডেস্ট্রয়ারটি মোতায়েন করা হলো। সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শআ