ভারতের রাজধানী নয়াদিল্লিতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রাস্তায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক ব্যক্তি, কিন্তু সাহায্যের বদলে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুজন যুবক।
এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আনুমানিক ৪টার দিকে ওই ব্যক্তি অসহ্য কষ্টে রাস্তায় পড়ে যান। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও শরীর সাড়া দিচ্ছিল না। একপর্যায়ে তীব্র খিঁচুনিতে কাতরাতে থাকেন তিনি। ঠিক তখনই স্কুটারে করে দুজন সেখানে আসে। কিন্তু সহায়তা না করে তারা রাস্তায় পড়ে থাকা ব্যক্তির মোবাইল ফোন নিয়ে নেয়। এমনকি পকেট তল্লাশি করে টাকা আছে কি না, সেটিও খোঁজে তারা।
সকালে প্রায় ৮টার দিকে পথচারীরা একজনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। পরে পুলিশ বডি ব্যাগে করে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
বিডি-প্রতিদিন/আশফাক