* এবার সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টও হ্যাক করে আপত্তিকর পোস্ট

* নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৪-৫ জনের হ্যাকার গ্রুপ

* আটক ছরওয়ারের মোবাইল ও ল্যাপটপ জব্দ, মামলার প্রস্তুতি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি জানায়, ছরওয়ারে আলমকে মতিঝিলের সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকের সময় তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, তার সঙ্গে আমরা কথা বলছি, এখনও কোনো মামলা হয়নি। আর মামলা হওয়ার পর আদালতে পাঠানো হবে। রাত ১২টার পর জামায়াত ইসলামীর আমীরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়। এদিকে বঙ্গভবন কর্মকর্তা ছরওয়ারের তথ্যমত তাকে নিয়ে রাতেই এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ থেকে ৫ জনের হ্যাকার গ্রুপ এর সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের টার্গেট করে হ্যাকিংয়ের চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইটি এক্সপার্ট ও ডিবির বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। সরকারের আশংকা নির্বাচনে জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত লাগাতে ও নির্বাচন বানচালের চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগ এটা করছে।

গত শনিবার রাতে জামায়াত আমীরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাক্সিক্ষত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমীরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত আমীরের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার ঘটনার তদন্তের অগ্রগতি জানতে বঙ্গভবনে যান জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় তারা প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি জানান। বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, পৌনে এক ঘণ্টার বৈঠকে ঘটনার বিষয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি তদন্তের আশ্বাস দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকারদের কবলে পড়ে। বিকাল ৪টা ৩৭ মিনিটে ওই আইডি থেকে একটি অনাকাক্সিক্ষত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকাল ৫টা ৯ মিনিটে আইডির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। পরে বিকাল ৫টা ২২ মিনিটে আইডিটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়। ঘটনার পর ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।

এ ঘটনায় গত রোববার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমীরে জামায়াত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে আমাদের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে।

সেক্রেটারি জেনারেল এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামায়াতে ইসলামীর আমীরের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৮টা ৩১ মিনিটে হ্যাকিংয়ের পর ওই অ্যাকাউন্ট থেকে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয় বলে দাবি করেছে দলটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর আগে দলের আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টেও একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়। এহসানুল মাহবুব জুবায়ের জানান, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় খুব শিগগিরই জাতির সামনে উন্মোচিত হবে। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জুবায়ের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews