ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর বা ত্যাগ করার বিনিময়ে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজ-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকার চলাকালীন ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, ইরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান সমঝোতার প্রাথমিক খসড়া বা রূপরেখায় ইউরেনিয়াম হস্তান্তরের বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো শর্ত রয়েছে কি না? জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দৃঢ়ভাবে বলেন, না, একেবারেই নয়। কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, কখনোই নয়। তিনি আরও যোগ করে বলেন, তারা (ইরান) তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করবে ঠিকই, তবে এর বদলে কোনো নিষেধাজ্ঞা ছাড় তারা পাবে না। এটি একেবারেই অসম্ভব।

ইরানের সঙ্গে আন্তর্জাতিক মহলের পরোক্ষ মধ্যস্থতায় যখন একটি খসড়া চুক্তির বিষয়ে আলোচনা চলছে এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসনের চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এই অনমনীয় ও কঠোর মন্তব্য সামনে এলো। 

বিশ্লেষকদের মতে, পরমাণু কর্মসূচি বন্ধের পাশাপাশি ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ বজায় রাখার যে নীতি ট্রাম্প প্রশাসন শুরু থেকেই অনুসরণ করে আসছে, এই মন্তব্য তারই প্রতিফলন। ট্রাম্পের এই অনড় অবস্থানের কারণে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তি প্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews