আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের নিয়মে বড় বদল আসতে চলেছে। পরিবর্তন হবে গার্লফ্রেন্ড সংস্কৃতিতে। আইপিএলে একাধিক প্লেয়ারকে তাঁদের বান্ধবীদের সঙ্গে দেখা যাচ্ছে। যা নিয়ে একেবারেই খুশি নয় বোর্ড। কোটিপতি লিগ চলাকালীন হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়েসওয়াল, ঈশান কিষাণ এবং অর্শদীপ সিংদের টিম বাস এবং হোটেলে বান্ধবীদের নিয়ে দেখা যাচ্ছে। টুর্নামেন্ট চলাকালীন বান্ধবীদের নিয়ে হোটেলে থাকছেন ক্রিকেটাররা। যা নিয়ে অসন্তুষ্ট বিসিসিআইয়ের কর্তারা। তাই এবার গার্লফ্রেন্ডদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। মনে করা হচ্ছে, এই ট্রেন্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে বিপত্তির সম্মুখীন হতে হবে। এমন আশঙ্কা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

ক্রিকেটারদের পার্টনারদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুনসার। রিপোর্ট অনুযায়ী, এদের মধ্যে অনেকেই অতীতে সোশ্যাল মিডিয়ায় বেটিং অ্যাপের প্রচার করেছে। প্লেয়ারদের সঙ্গে তাঁদের পার্টনারদেরও অশান্তির উদাহরণ রয়েছে অতীতে। বান্ধবীরা ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যা সংশ্লিষ্ট ক্রিকেটার এবং বোর্ডের ভাবমূর্তি নষ্ট করেছে। বোর্ডের এক কর্তা বলেন, 'এটা এখন বন্ধ না করা হলে, ভবিষ্যতে অসুবিধা হতে পারে। একাধিকবার প্লেয়ারদের বান্ধবীদের জন্য বাসকে অপেক্ষা করতে হয়েছে। প্লেয়ারদের সঙ্গে একই হোটেলে থাকছে। অফিসিয়াল গার্লফ্রেন্ড নিয়ম কোথা থেকে এসেছে জানি না। বিসিসিআইয়ের পলিসিতে তেমন কোনও নিয়ম নেই। গাইডলাইন অনুযায়ী শুধুমাত্র স্ত্রী এবং পরিবারের লোকজনদের অনুমতি দেওয়া হয়। কে এই নিয়ম চালু করেছে সেটা তদন্ত করে দেখতে হবে।' 

ক্রিকেটারদের পার্টনারদের মধ্যে অনেকেই ইনফ্লুনসার হওয়ায়, দলের গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। বদল হবে বান্ধবীদের নিয়ে থাকার নিয়ম। শুধুমাত্র আইপিএল নয়, ভারতীয় দলের বিদেশ সফরের সময়ও একই নিয়ম চালু থাকবে। আইপিএলের দলগুলোর মালিক ফ্র্যাঞ্চাইজিরা হলেও, একটি নির্দিষ্ট নিয়ম করতে চাইছে বোর্ড। ট্রাভেল এবং থাকা নিয়ে নতুন প্রোটোকল আনতে চলেছে বিসিসিআই। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews