সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের তোয়াকুল ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও অফিস সহায়কের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঞা এ তথ্য নিশ্চিত করেন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপসহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহকারীর মধ্যে মারামারির যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ২৫ মার্চের। অফিস সহকারী আয়াত উদ্দিন দেরি করে আসা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেনের সাথে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অফিস সহকারী আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তহশিলদার দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিন অফিসের দরজা বন্ধ করে মারামারি করছেন। একজন অপরজনের কলার ধরে কিল-ঘুষি মারছেন। এ সময় অফিসের বাইরে থেকে সেবা গ্রহীতারা দরজা খোলার জন্য ডাকাডাকি করছেন। এক পর্যায়ে সেবাগ্রহীতা জোর করে দরজা খুলে ভেতরে ঢুকে আয়াত উদ্দিনকে রুম থেকে বের করে নিয়ে যান।

বিডি-প্রতিদিন/জামশেদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews