সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার অপব্যবহার ও ‘লাগামহীন’ আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।তিনি বলেন, এ ধরনের কর্মকা- দেশের দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে সংকটের মুখে ফেলছে।
রোববার সচিবালয়ে গণমাধ্যম সেন্টারে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে সচিবালয়ের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন সালাহ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে লাগামহীনভাবে স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। অনেকেই মনে করেন সোশ্যাল মিডিয়ার কনটেন্ট একটি নির্দিষ্ট গ-ির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইন্টারনেটের যুগে এসব কনটেন্ট মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং দেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সামাজিক মাধ্যমে অসামাজিক বা অপসংস্কৃতির চর্চা করছেন, তাদের বিষয়ে সচেতনতামূলক প্রতিবেদন হওয়া দরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করতে হবে।