তেহরান, ১ এপ্রিল – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে তেহরান।

বুধবার ইরানের এক সরকারি কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি চাওয়ার কোনও ঘটনাই ঘটেনি।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ইরান কোনও সাময়িক যুদ্ধবিরতি চাইছে না। বরং তারা এই যুদ্ধের স্থায়ী অবসান প্রত্যাশা করে।

শুরু থেকেই ইরান এই অবস্থানে অনড় রয়েছে। দেশটি বারবার সতর্ক করেছে যে, অন্তত ছয় মাসের একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত।

তেহরানের দৃষ্টিভঙ্গি হলো, সাধারণ বা সাময়িক যুদ্ধবিরতি তাদের কোনও স্বার্থরক্ষা করবে না। কারণ এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং যেকোনও সময় আবারও হামলা চালাতে পারবে। তাই ইরান যুদ্ধের চূড়ান্ত এবং স্থায়ী সমাপ্তি চায়।

এদিকে বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন।

তিনি আরও হুমকি দেন যে, হরমুজ প্রণালি উন্মুক্ত ও অবাধ হলে তবেই তারা বিষয়টি বিবেচনা করবেন। অন্যথায় ইরানকে ধ্বংস করে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এনএন/ ১ এপ্রিল ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews