রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা এযাবৎ তিনটা মনোনয়নপত্র পেয়েছি। তিনটার ভেতরে একজন ড. অলি আহমদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছি দুটো। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার মনোনয়নপত্র পেয়েছি একটা।’
কর্নেল অলির পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, ‘এটা আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুটো পেয়েছি। যাচাই-বাছাইয়ের পরে আইন অনুযায়ী প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টা আর বাছাই করার দরকার নেই। কেন দিয়েছেন, এটা তো ওনারা (১১–দলীয় ঐক্য) বলবেন। আমি কী করে বলব।’
ইসি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে দলটি চূড়ান্তভাবে জমা দিয়েছে একটি মনোনয়নপত্র। আর তাদের মনোনীত প্রার্থী হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্নেল (অব.) অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান। দলটি ১১–দলীয় ঐক্যের শরিক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জোটের অন্যতম শরিক।