লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর একাংশ) বিএনপির প্রার্থী আবুল খায়ের ভুঁইয়ার পথসভায় ধানের শীষের স্লোগান দিয়ে ভাইরাল হওয়া মেহেদী হাসান (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিশুর ওপর হামলা চালানো হয়। আহত শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সদর ওসি জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর ও রায়পুর উপজেলার দালালবাজার ও সোনাপুর ইউপি সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, শিশু মেহেদী হাসান বাড়ি থেকে মাইলের মাথার কাছে গেলে দাঁড়িপাল্লার স্টিকার সংবলিত ৩টি মোটরসাইকেলে করে ৫-৬ জন যুবক মেহেদীর পথরোধ করে তাকে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় হুমকি দেয় এবং দাঁড়িপাল্লার স্লোগান দিতে হবে বলে। তখন মেহেদী তা অস্বীকার করলে তাকে বেদম মারধর করে একটি গর্তে ফেলে দেওয়া হয়। তার চিৎকার শুনে পাশের এক নারী এগিয়ে এলে মোটরসাইকেলের যুবকরা পালিয়ে যায়।

শিশু মেহেদী হাসান বলে- ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়ায় দাঁড়িপাল্লার লোকজন আমাকে খুব মারছে। এ সময় ওই মহিলা আমাকে না সাহায্য করলে ওরা আমাকে মেরেই ফেলত।

মেহেদীর মা লাভলী আক্তার বলেন, আমার নিষ্পাপ শিশুটি ভোটের কিছুই বুঝে না। আমার পরিবারের সবাই ধানের শীষের পক্ষে ভোট করে। সেজন্য আমাকেও কয়েকজন হুমকি দিয়েছিল। আজ আমার ছেলেটাকে ওরা খুব মেরে রক্তাক্ত করেছে, আমি এর বিচার চাই। 

এ ঘটনায় দালাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, দুই দিন আগে আবুল খায়ের ভূঁইয়ার সভায় স্লোগান দিয়ে শিশুটি ভাইরাল হয়েছিল। জামায়াতের লোকজন শিশুটিকে মেরে রক্তাক্ত করেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা এ ব্যাপারে আইন পদক্ষেপ নেব।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ বলেন, ওই ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি। সঠিক তথ্য জেনে তারপর মন্তব্য করব।

সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, শিশুটির ওপর হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews