নড়াইলের লোহাগড়া উপজেলায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকালে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ফাতেমা বেগম উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল্যার স্ত্রী। মশিয়ার রহমান একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে মফিজার মোল্যাকে তার স্ত্রী ফাতেমা বেগম ও মশিয়ার রহমান বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ফাতেমা ও মশিয়ারের মধ্যে অনৈতিক সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। ঘটনার কয়েক দিন পর তারা দুজন বিয়ে করে সংসার শুরু করেন বলে জানা গেছে।

বিষয়টি জানাজানি হলে শনিবার (২৯ আগস্ট) দুপুরে এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়।

শনিবার রাতে নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা বেগম লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরো দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে ফাতেমা বেগম ও মশিয়ার রহমান মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাদের ভাষ্য, গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে তারা মফিজারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন।

হত্যার কারণ জানতে চাইলে ফাতেমা বলেন, তিনি স্বামীর সাথে সংসার করতে চাননি। এ কারণে মশিয়ারকে সাথে নিয়ে তার স্বামীকে হত্যা করেন।

তবে পরে তারা মফিজারের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেন এবং পরদিন সকালে তার লাশ দাফন করা হয় বলে জানান।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘নিহতের মেয়ে বাদি হয়ে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews