নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করায় বাঞ্ছারামপুরবাসীসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গতকাল নিজের ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, বাঞ্ছারামপুরবাসীসহ দেশবাসীকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করায় আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও গণ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি এবং শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। সারা দেশের ভোটারদের শান্তিপূর্ণ অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে, এ জন্য দেশবাসী, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে অভিনন্দন। এ বিজয়ের মাধ্যমে জনগণ রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব যুগপৎ জোটের ওপর অর্পণ করেছে। পোস্টে সাকি আরও লেখেন, নির্বাচনে সহযোগিতার জন্য বিএনপি ও গণসংহতি আন্দোলনের সব স্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই। জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবার অব্যাহত সমর্থন কামনা করছি।