ফরিদপুর শহরে দীর্ঘদিনের আতঙ্কের নাম ‘তুফান’ (৩৫) অবশেষে ধরা পড়েছেন। শরীরে দূষিত রক্ত ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিনব কায়দায় ছিনতাই করা এই যুবক এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিলেন।

এই যুবককে শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে। তিনি মূলত মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য শহরের নির্জন এলাকাগুলোতে পথচারীদের গতিরোধ করতেন। তার হাতে থাকতো রক্তভর্তি সিরিঞ্জ। “টাকা না দিলে শরীরে বিষাক্ত রক্ত ঢুকিয়ে দেব”—এমন হুমকিতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ সর্বস্ব দিয়ে দিতে বাধ্য হতো।

সাংবাদিকও রেহাই পাননি

শুক্রবার রাতে ফরিদপুরের সাংবাদিক শ্রাবণ হাসান এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। ইজিবাইক থেকে নামার পর তাকে সিরিঞ্জ ঠেকিয়ে দুই দফায় টাকা হাতিয়ে নেয় তুফান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। 

অনেকেই জানান, সামাজিক মর্যাদা ও আতঙ্কের কারণে এতদিন তারা মুখ খোলেননি।

শনিবার দুপুরে আবারও ছিনতাইয়ের চেষ্টা করলে আলীপুর ব্রিজ এলাকায় জনতা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক তুফানকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শহরে ছিনতাই ও মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews