২৪ February ২০২৬ Tuesday ১২:৪৩:০৫ AM Print this E-mail this

জনস্বার্থবিরোধী কিছু হলেই আমরা প্রতিবাদ করব: মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘সরকার যদি জনস্বার্থবিরোধী কোনো কাজ করে, যদি অন্যায় কোনো পদক্ষেপ নেয়, কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে, তাহলে অবশ্যই সংসদে এবং সংসদের বাইরে গিয়েও আমরা এর প্রতিবাদ করব।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় মাসুদ সাঈদী এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আমরা দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী একসঙ্গে প্রায় ২৫ বছর পথ চলেছি। রাজনৈতিক পটপরিবর্তনের পর দুটি দল দুটি মেরুতে গেছে। তারা আলাদাভাবে নির্বাচন করেছে, তাদের মেনিফেস্টো আলাদা ছিল এবং জনগণের কাছে তাদের বক্তব্যও ভিন্ন ছিল। জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে।’

মাসুদ সাঈদী বলেন, ‘আমরা বিএনপির সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই; একই সঙ্গে বলতে চাই, যদিও আমরা বিরোধী দলের সদস্য, তবুও এই সরকারের প্রত্যেকটি ভালো কাজের সহযোগী হিসেবে পাশে থাকব। তাদের সব ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব।’


‎তিনি বলেন, ‘আমাদের মধ্যে শিষ্টাচার, রাজনৈতিক ভদ্রতা কিংবা সৌজন্যবোধের অভাব নেই। আমরা চাই এটি অব্যাহত থাকুক। কোনো অবস্থাতেই কোনো দুরাচার আমাদের এই সম্পর্ক নষ্ট করতে পারবে না। আমরা যে যেই দলই করি না কেন, আমাদের প্রত্যেকের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই এই এলাকার মানুষের উন্নয়ন এবং শান্তি নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা একযোগে কাজ করব।’

এমপি আরও বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকলেও তা কোনো ঝগড়ায় পরিণত হবে না, আমাদের সম্পর্ক বিনষ্ট করবে না এবং এই এলাকার রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করবে না।’


পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: বিএনপির পিরোজপুর জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews