ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি – ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য। রাস্তাঘাট নির্মাণ এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই আমাদের রাজনীতি।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত সময়ে আমরা কেউ শান্তিতে ছিলাম না। মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪ থেকে ১৫ বছরের দুর্দিন পার হয়ে আজ আমরা সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। সামনে একটি ইতিবাচক ও ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। দেশে এবার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, সাধারণ মানুষের মনে আশা জেগেছে যে এবার সবাই ভোট দিতে পারবেন এবং ভোটের মাধ্যমে ভালো মানুষ ও ভালো দলকে নির্বাচিত করতে পারবেন। এর আগে অনেকে ভোটার হয়েও ভোট দিতে পারেননি কারণ গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হতো এবং নির্বাচনের আগেই ফলাফল নির্ধারিত হয়ে যেত। তবে এবার আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের ভোট সঠিকভাবে প্রয়োগ করার। বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজের রাজনৈতিক সততার দৃষ্টান্ত তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কেউ দাবি করতে পারবে না যে আমি কারো কাছে এক কাপ চা খেয়েছি বা কারো কাছ থেকে দুই টাকা অনৈতিক সুবিধা নিয়েছি। উক্ত নির্বাচনী পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews