চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বন্দরে চলমান লাগাতার ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের পরপরই তাকে আটক করা হয়। ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কের দায়িত্বও পালন করে আসছিলেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, র‌্যাবের একটি দল ইব্রাহিম খোকনকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইব্রাহিম খোকনকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে প্রশাসন শ্রমিকদের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোববার পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার ইব্রাহিম খোকনকে আটক করা হয়েছে। এতে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।

বন্দর কর্মচারীরা নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবির। শুরুতে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি পালন করা হলেও পরে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন জোরদার করা হয়।

সংগঠনটি ৩১ জানুয়ারি থেকে প্রথমে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে। পরে গত মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়।

আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে রোববার থেকে আবার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তবে সোমবার সকাল আটটা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

স্কপের বিবৃতিতে বলা হয়, ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার সময় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ গভীর সন্দেহের সৃষ্টি করছে। এতে একটি মহল পরিকল্পিতভাবে বন্দর পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews