গতকাল বিকালে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করে জাতীয় সংসদ থেকে সচিবালয়ে যেতে চেয়েছিলেন আমিনুল হক। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মিরপুর পল্লবীতে নিজ বাসায় চলে যান তিনি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে শোনা গেল তিনি কীভাবে দেশের ক্রীড়াঙ্গনেকে এগিয়ে নিতে চান। সাংবাদিকরা দেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় তুলে ধরেছেন। সবকিছু জবাব দিয়েছেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে রাজনৈতিক গুণগত পরিবর্তন হওয়া সম্ভব জানিয়েছেন আমিনুল।
ক্রীড়া মন্ত্রণালয় অবকাঠামোগত উন্নয়নে নজর রাখে। আমিনুল সে ধারা থেকে সরে আসতে চান। জানিয়েছেন অবকাঠামোগত উন্নয়নের চেয়ে খেলার দিকে মনোযোগ দিতে চাই।' ক্রীড়াঙ্গনে দুর্নীতি হয়। সেই দুর্নীতিকে জিরো টলারেন্স বললেন আমিনুল। দুর্নীতির লাগাম টেনে ধরতে চান।
সাকিব আল হাসান এবং মাশরাফির বিষয়ে আমিনুল মুখ খুলেছেন। তিনি বলেন, ‘সাকিব-মাশরাফি লিজেন্ডারি ক্রিকেটার। আমিও চাই তারা ফিরে আসুক। তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা রয়েছে। আমি চাই দ্রুত রাষ্ট্রীয়ভাবে সমাধান হোক এবং তারা ফিরে আসুক।'
খেলাধুলার নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যা হয়েছে সেটা আমিনুলের কাছে কাম্য নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ। আমিনুল মনে করেন এটি হয়েছে সাংগঠনিক ব্যর্থতার কারণে। আমিনুল বলেন, 'আলোচনা করলে আমরা বিশ্বকাপে খেলতে পারতাম। বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে না পারাটা দুঃখজনক।'
ভারত ও বাংলাদেশের মধ্যে খেলাধুলার সম্পর্কটা উন্নত করতে চান আমিনুল। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান তিনি।
খেলোয়াড়রা খেলা ছেড়ে দেয়ার পর কাজ থাকে না। আমিনুল চান এমন একটা ব্যবস্থা করতে যেন খেলা ছেড়ে দেওয়ার পর কষ্ট করতে না হয়।
বিসিবিতে ক্রীড়া সাংবাদিকরা ঢুকতে পারছেন না- আমিনুল বললেন, ‘আপনারা স্টেডিয়ামে যাবেন। স্টেডিয়ামে ঢুকবেন। কেউ বাধা দেবে না। আমি সিইওকে বলে দিচ্ছি। তবে এটাও বলা দরকার, আপনারাও সবাইকে সহযোগিতা করবেন। বিসিবির নির্বাচন বিষয়ে আমিনুল বলেন, 'আমি আগেও বলেছি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, আমি এখন একটি দায়িত্বশীল পদে রয়েছি। আমি আলোচনা করে যা কিছু করা দরকার করতে চাই। সবার সাথে আলোচনা করতে চাই।'
সাবেক ক্রীড়াবিদদেরকে চাকরি দিতে চান নতুন ক্রীড়ামন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ক্রীড়াঙ্গন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে নষ্ট করতে চায় তাদের ব্যাপারে আমিনুল বলেন,‘ কেউ যদি দুষ্টমি করতে চান, সেটা হবে না। ক্রীড়াঙ্গনকে এক পরিবার করতে চান সাবেক গোলরক্ষক আমিনুল হক।