জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে। অন্তর্বর্তী সরকার যত আইন পাস করেছে, যে অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডেমনিটি দেওয়া হবে। সংসদ সেটাকে অনুমোদন করবে প্রত্যাশা আমরা রাখছি। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোটের রায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুমকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব রয়েছি। আমাদের আজকের স্লোগান হচ্ছে-বিপ্লব, বিকল্প ও বিনির্মাণ। আমরা মনে করি, বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়।
সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে এবং তৃণমূলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, এবারের সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিজয় লাভ করেছি, আমরা এতে সন্তুষ্ট নই। সামনের দিনগুলোতে আমাদের অর্জনকে আমরা বৃদ্ধি করব।