উপসাগরীয় দেশগুলো এবং জর্ডানের ওপর ইরানের সাম্প্রতিক ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২৮১৭ নম্বর প্রস্তাব গৃহীত হয়েছে। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত এবং জর্ডানের পক্ষ থেকে যৌথভাবে উত্থাপিত এই প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এই প্রস্তাবে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় ইরানের ক্রমাগত হামলা এবং এর ফলে সৃষ্ট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সংহতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রিয়াদ জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের উসকানি ও হুমকি অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে এই হামলার বিরুদ্ধে যে নিন্দার ঝড় উঠেছে, তা ইরানের আগ্রাসনের বিরুদ্ধে একটি জোরালো বার্তা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারা অনুযায়ী নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সৌদি আরবের পূর্ণ অধিকার রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই প্রস্তাব রিয়াদকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। ইরানের এই সংঘাতময় ভূমিকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমর্থন ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে সৌদি আরব।

সূত্র: আরব নিউজ

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews