সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনারসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রায় ৩০০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীকোলা বাসস্ট্যান্ডে উল্লাপাড়া পৌর জামায়াত আয়োজিত যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।
উল্লাপাড়া পৌর জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহদাত হোসেন খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে শাহদাত হোসেন খোকন বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান করছিলাম। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে আমি সে আদর্শ খুঁজে পাইনি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সে আদর্শের প্রতি ভালো লাগা থেকেই আমি ও আমার পরিবারের সব সদস্য জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। জীবনের বাকি সময়টুকু আমি জামায়াত ইসলামীর রাজনীতির সাথেই থাকতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে, এর সুস্পষ্ট লক্ষণ হলো দলে দলে মানুষের জামায়াতে যোগদান। আজ মানুষের মুখে মুখে একটাই স্লোগান ‘সব দল দেখা শেষ, জামায়াত ইসলামীর বাংলাদেশ’। যারা আজ জামায়াতে ইসলামীর আদর্শের সাথে ঐক্যমত পোষণ করে দলে যোগদান করলেন, তারা আগামী দিনে ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
তিনি আরো বলেন, ‘যোগদানকৃত নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী দিনে একটি আধুনিক ও উন্নত উল্লাপাড়া গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।