ঢাকা, ৯ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। তিনি মন্তব্য করেন, সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।

সোমবার সকালে সচিবদের সঙ্গে আয়োজিত এক ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, সচিবদের সঙ্গে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য রাখেন। আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, অতীতে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না বরং এক ধরনের ভুয়া নির্বাচন ছিল। তবে এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি এবং দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ড. ইউনূস উল্লেখ করেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন। অতীতে বিভিন্ন গণঅভ্যুত্থান ও রাজনৈতিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা থাকলেও এবারের নির্বাচনের মাধ্যমে তা আরও মর্যাদাপূর্ণ ও সুসংহত হয়েছে।

নির্বাচনে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, ভোটদান প্রক্রিয়া সহজ করতে অ্যাপ চালু করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে নির্বাচনভিত্তিক অ্যাপ, ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’, প্রায় ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

বিদেশি পর্যবেক্ষকদের আগমন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, নানা দেশ থেকে বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন, যা গণতন্ত্রের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

তিনি শেখ হাসিনার শাসনামলের তিনটি নির্বাচনের সমালোচনা করে বলেন, সেগুলোর কোনো বৈধতা ছিল না এবং তখন উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকও আসেননি।

বর্তমানে নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে চলছে এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।

সচিবদের কাজের প্রশংসা করে ড. ইউনূস বলেন, গত ১৮ মাসে তারা প্রায় ১৩০টি অধ্যাদেশ জারি ও বাস্তবায়নে যে সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাংলাদেশে বিনিয়োগ করলে অন্যান্য দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া যাবে, যা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews