হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে বোমার হুমকি দিয়ে ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ও রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও ছাত্রদলের ওই তিন নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।

 গত ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি তার পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে সেই স্বর্ণ গ্রহণ করে একটি ভাড়া করা হায়েস গাড়িতে ওঠেন প্রবাসীর ভাই মো. সুমন ও তার বন্ধু। রাত ৮টা ৫ মিনিটের দিকে বলাকা ভবনের বিপরীত পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে আসামিরা তাদের পথরোাধ করে। এ সময় আসামিরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে সঙ্গে বোমা রয়েছে বলে হুমকি দেয় এবং বেধড়ক মারধর করে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ঘটনার সময় এক পথচারী কৌশলে তার মুঠোফোনে সম্পূর্ণ ঘটনার ভিডিও ধারণ করেন।

এ ঘটনায় ২৯ আগস্ট ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা (মামলা নম্বর: ৪৬) দায়ের করেন। মামলায় আব্দুর রউফকে প্রধান আসামি, রিপন ও আল-আমিন শান্তকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় আসামি এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়।

 উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অপর আসামি রুবেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews